স্বরূপকাঠিতে জমে উঠছে ঈদবাজার

স্বরূপকাঠিতে কেনাকাটায় জমে উঠছে ঈদবাজার। ঈদকে সামনে রেখে ক্রেতারা এখন মার্কেটমুখী। যতই ঈদের দিন ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে।  সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। উপজেলার মিয়ারহাট, জগন্নাথকাঠি ও ইন্দুরহাট বন্দরের বিপণিবিতানগুলো ঈদের কেনাকাটায় সরগরম।  

সরজমিনে মিয়ারহাট বন্দর ঘুরে দেখা গেছে, দোকানিরা বিপণিবিতানগুলোতে হরেক রকমের ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন। ক্রেতারা বিপণিবিতান ঘুরে ঘুরে তাদের পছন্দের পোশাক, জুতা, কসমেটিকসসহ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতি বছরের ন্যায় এ বছরও কেনাকাটায় তরুণী ও গৃহবধূদের উপস্থিতি বেশি দেখা যায়। 

কসমেটিকসের দোকানেও তরুণীদের ভিড় বেশি। ক্রেতা সাইদুল ও আব্দুর রহিম বলেন, এ বছর সব ধরনের পোশাকের দাম বেশি।  

মিয়ারহাট বন্দরের রিয়াজুল ইসলামসহ একাধিক দোকানদার জানান, অন্যান্য জিনিসের মতো পোশাকেরও দাম আগের চেয়ে বেড়েছে। সে কারণে বেশি দাম দিয়ে আমাদের কিনতে হচ্ছে। এ অবস্থায় বেশি দামে বিক্রি করা ছাড়া আমাদের উপায় নেই| মার্কেটগুলোতে বাচ্চাদের পোশাক বেশি বিক্রি হচ্ছে বলে তারা জানান।