ইত্তেফাক রিপোর্ট
বিএনপির গুম ও খুন হওয়া নেতা-কর্মীদের পরিবার-স্বজনদের শিশু-কিশোরদের ‘ঈদ উপহার’ দিয়েছেন দলের কারাবন্দি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া। গতকাল বিকালে গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে খালেদা জিয়ার পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদ উপহারের খাম নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। গুলশান কার্যালয়ে বিএনপির উদ্যোগে বর্তমান সরকারের আমলে বিভিন্ন সময়ে ‘গুম’-‘খুনে’ নিহত পরিবারের সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পরিবারের সদস্যদের নিয়ে মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা ইফতারও করেন। এই ইফতারের আগে লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘গুম’-‘খুনে’ নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জেনারেল অব. মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
গুম হওয়া নেতাদের পরিবারের সদস্য ও শিশুরা আবেগময় বক্তব্যের মাধ্যমে তাদের প্রিয়জনদের সন্ধান চান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা কখনোই মনে করবেন না আপনারা একা, আপনারা কখনোই মনে করবেন না আমরা যারা আপনাদের সাথে কাজ করছি আমরা আপনাদের ভুলে গেছি-এটা মনে করার কোনো কারণই নেই।