আরও এক ব্রাজিলিয়ান ফুটবলার ঢাকায় 

ব্রাজিলিয়ান ফুটবলার এখন চাইলেই পাওয়া যায়। যে দেশের ফুটবলারদের খেলা দেখার জন্য বাংলার দর্শক মুখিয়ে থাকেন। রাত জেগে বসে থাকেন। সেই দেশের ফুটবলার এখন ঢাকার মাঠে অহরহ।

৮৭ সালে প্রথম বিভাগ ফুটবল লিগে ব্রাজিলিয়ান খেলোয়াড় এনে হইচই ফেলে দিয়েছিলেন তখনকার ধানমন্ডি ক্লাবের বড়কর্তা ছিলেন সংগঠক খায়রুল আনোয়ার পেয়ারু। আলোড়ন তুলেছিলেন তিনি। সভাপতিও ছিলেন ক্রীড়াঙ্গনে সবার প্রিয় পেয়ারু ভাই। এর পরও ব্রাজিলিয়ান ফুটবলার এসেছিলেন কিন্তু সংখ্যায় কম। আর এখন চাইলেই ব্রাজিলিয়ান ফুটবলার আনা যায়। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ব্রাজিলিয়ান ফুটবলার আরো একজনকে দেখা যাবে।

বসুন্ধরা কিংস গতকাল ২১ বছর বয়সি একজন ফুটবলার এনেছে। মিগুয়েল ফেরেইরা ব্রাজিলের একটি লিগে খেলতেন বলে জানান কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক। রবিবার ঢাকায় এসেছেন মিগুয়েল ফেরেইরা। কিংসের অফিসে তাকে জার্সি তুলে দেওয়া হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জনাথন লিগে খেলতে পারেননি। ইনজুরি নিয়ে চলে গিয়েছেন। তার জায়গায় মিগুয়েলকে আনা হয়েছে।

এখন প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল চলছে। মিগুয়েল ফেরেইরাকে নেওয়া হয়েছে পাঁচ মাসের জন্য। ফিরতি লিগের ১১ ম্যাচ খেলবেন এবং এএফসি কাপেও খেলবেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

ক্লাব কর্মকর্তা জানান, এখান থেকে পতু‌র্গাল যাবেন মিগুলে ফেরেইরা। এই ফুটবলার ছাড়া আরো একজন খেলোয়াড় আনার চিন্তা রয়েছে কিংসের। কিংস লিগের বর্তমান চ্যাম্পিয়ন এবং হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে তারা।