১০ কেজি চাল কিনলে দুই দিনের আয় শেষ

দিনাজপুরের ফুলবাড়ীতে রমজানের আগে থকেই তেল, চালসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সবকিছুর দাম আকাশচুম্বী। এতে দিশেহারা হয়ে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। 

ফুলবাড়ী উপজেলার বাজারগুলোতে সবজিসহ সব নিত্যপণ্যের দামই বেশি। তেল, ডাল, মাংসের দাম অনেক বেড়েছে। বাজারগুলোতে মিনিকেট চাল ৭০ থেকে ৭৫ টাকা কেজি, নাজিরশাইল ৭৫ থেকে ৮০ টাকা, মোটা চাল ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উপজেলার গোপালপুর গ্রামের দিনমজুর জোতিশ চন্দ্র রায় বলেন, ১০ কেজি চাল কিনলে দুই দিনের আয় শেষ। দাম এমন বেড়েছে যে এখন জিনিসপত্রের দরদাম করতেও সাহস হয় না। যে টাকা আয় করি পরিবার পরিজন নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বর্তমান ঊর্ধ্বগতির বাজারে এখন বেঁচে থাকা কষ্টকর। 

ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির অন্যতম নেতা ও জেলা পরিষদ সদস্য মো. কামরুজ্জামান শাহ কামরু বলেন, সব ব্যবসায়ীকে বৈঠক করে বলেছি যাতে অল্প লাভে পণ্য বিক্রি করে। তবে কেউ অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রি করলে এর দায়দায়িত্ব ব্যবসায়ী সমিতি নেবে না। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ফুলবাড়ীর কোথাও অতিরিক্ত দাম ও নিত্যপণ্য মজুত করার তথ্য পেলে আমরা নিয়মিত অভিযান করে জরিমানা করছি। তবে এ অভিযান অব্যাহত রয়েছে।