৯ লাখ ৬২ হাজার ইয়াবা জব্দ

টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে ৯ লাখ ৬২ হাজার পিস ইয়াবাভর্তি কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি জওয়ানেরা। এ সময় জওয়ানদের সঙ্গে মাদক পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটে।

গতকাল রবিবার টেকনাফ-২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান সংবাদ সম্মেলনে বৃহত্ এই ইয়াবার চালান উদ্ধারের বিবরণ দিয়ে বলেন, শনিবার রাতে নাফ নদীতে নৌকা নিয়ে বিজিবির একটি বিশেষ দল টহল দিচ্ছিল। এ সময় জাদিমোরা বরাবর বিআরএম-৯ এর নিকটবর্তী এলাকা দিয়ে হস্তচালিত একটি নৌকা নিয়ে পাচারকারীরা বাংলাদেশের দিকে এলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। মাদক পাচারকারীরা তখন গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবিও গুলিবর্ষণ করে। পরে বড় বড় বস্তাসহ পরিত্যক্ত নৌকাটি জব্দ করা হয়। বস্তায় ৯ লাখ ৬২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাগুলির পর পরই তারা ৩/৪জন রোহিঙ্গাকে নাফনদী হতে পালিয়ে ব্রিটিশ পাড়ায় প্রবেশ করতে দেখেন।