খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় আনারস বোঝাই জিপ উল্টে ২ ছাত্র নিহত হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাতিমুড়া-ডলু সড়কের উত্তর ডলু পাড়ায়এ ঘটনা ঘটে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো, ডেপুয়া পাড়া গ্রামের চাইথোয়াই মারমার ছেলে রাজু মারমা(১৫) এবং হাতিমুড়া গ্রামের চাইথোয়াই মারমার ছেলে উগ্যজাই মারমা(১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাতিমুড়া-ডলু সড়কের উত্তর ডলু পাড়ায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আনারসবোঝাই জিপ হাতিমুড়া বাজারে আসার পথে উঁচু টিলায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে জিপ গাড়ি পেছনের দিকে ছুটে গিয়ে কয়েকবার উল্টে গিয়ে গাড়িতে থাকা শ্রমিক ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র রাজু মারমা ও ওসমানপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী ছাত্র উগ্যজাই মারমা ঘটনাস্থলে মারা যায়।
হতাহতের খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা-কবলিত জিপ ও লাশ উদ্ধারে সরজমিনে যায়। ওসি মোহাম্মদ শাহনূর আলম বলেন, লাশ ও গাড়ী উদ্ধারে পুলিশ কাজ করছে।