আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে না। গরীব দুঃখী মানুষের জন্য কাজ করে। তাদের ভাগ্য উন্নয়নে কাজ করে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গতকাল রবিবার সকাল থেকে ভোলার ভেলুমিয়া, ভেদুরিয়া, চরসামাইয়া, আলীনগর ও শিবপুর ইউনিয়নে গরীব, দুঃখী, হতদরিদ্র মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ভোলাকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা করার জন্য আমি কাজ করছি। ভোলা বরিশাল ব্রিজ হলেই ভোলায় পর্যটন শিল্প ও কল-কারখানার অভাব থাকবে না। কর্মসংস্থান হবে বেকারদের।
জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নবীব, যুগ্ম-সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, তোফায়েল আহমেদের মেয়ে ডা. তাসলিমা আক্তার মুন্নি প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।