তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিলো পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, আপনারা সন্ত্রাসীদের আশ্রয় দেবেন না। আফগানিস্তানের মাটি ব্যবহার করে নির্বিঘ্নে পাকিস্তানে হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় পাকিস্তান।
জার্মানি সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে এক প্রতিবেদনে জানায়, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত ও কুনার প্রদেশে বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান ও কামান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক শাবির আহমাদ ওসমানি গণমাধ্যমকে বলেন, ‘খোস্ত প্রদেশে আফগানিস্তান ও পাকিস্তানের সীমানা বিভাজনকারী রেখা ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগ নারী ও শিশু। এ ছাড়া হামলায় আরও ২২ জন আহত হয়েছেন।’
তালেবান ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের সঙ্গে আফগান সরকারের যোগাযোগ করার ক্ষেত্রে সহযোগিতা করছিল ইসলামাবাদ। কিন্তু পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ক্ষমতা গ্রহণের পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পার্সটুডে।