পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা প্রদর্শনে উদার হতে হবে: জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেছেন, বিশ্ববিদ্যালয় হলো গণতান্ত্রিক ও মুক্তবুদ্ধির চর্চা এবং জ্ঞান অন্বেষণের তীর্থস্থান। এখানে দল ও মতের ভিন্নতা থাকতে পারে। তবে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা প্রদর্শনে আমাদেরকে উদার হতে হবে। জাতির বিবেক ও পথ প্রদর্শক হিসেবে আমাদেরকে উজ্জ্বল হতে হবে। 

সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, সকলে দল-মতের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে বিশ্ব মানের পর্যায়ে এগিয়ে নেয়ার ব্রত গ্রহণ করতে হবে। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও চলমান ভৌত অবকাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে হবে। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, বঙ্গবন্ধু শিক্ষক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদ কুদ্দুস, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক মোতাহার হোসেন প্রমুখ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং জাবি শাখা ছাত্রলীগ উপাচার্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

এর আগে, সকাল সাড়ে নয়টায় নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে ভাষা শহিদের প্রতি, দশটায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সাড়ে দশটায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে বেলা দুইটায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নূরুল আলম।