রৌমারীর চরাঞ্চলে চিনার ভালো ফলন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদসহ বিভিন্ন নদীর চরাঞ্চলে চিনার ভালো ফলন হয়েছে। সময়মতো বৃষ্টির পানি পাওয়া ও মাটি ভিজে থাকায় এসব বালুরচরে চিনার ফলন ভালো হয়েছে বলে জানায় কৃষক ও কৃষি বিভাগ। 

শনিবার সকালে উপজেলা ফুলুয়ারচর এলাকায় সরেজমিনে দেখা যায়, চরাঞ্চল জুড়ে শুধু চিনা আর চিনা খেত। ঐ গ্রামের কৃষক রিয়াজুল ইসলাম, হাবেল মিয়া, আব্দুল বারেক বলেন, ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চরগুলোতে বালুমাটি ও চরের জমিতে চিনা, বাদাম ছাড়া অন্য কোনো ফসল চাষ করা যায় না। চরাঞ্চলের কৃষকরা অন্যান্য ফসল চাষ না করে চিনা চাষে আগ্রহী হচ্ছে। ৬২ শতাংশের বিঘাপ্রতি চিনা উৎপাদন হয় ২০-২৫ মণ। এক বিঘা জমিতে চিনা চাষ করলে খরচ হয় মাত্র ৬-৭ হাজার টাকা আর বিক্রি হয় প্রায় ২৫-৩০ হাজার টাকা। 

স্থানীয় উন্নয়ন সংস্থা সিএসডিকে নির্বাহী পরিচালক মো. আবু হানিফ বলেন, এ বছর চরাঞ্চলে ব্যাপক হারে চিনা চাষ হয়েছে।  

এ বিষয়ে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিগত বছরগুলোতে চিনা উৎপাদন তেমন হতো না। কারণ কৃষকরা চরাঞ্চলে অন্যান্য ফসল ফলাত। কিন্তু বর্তমানে কৃষকরা চিনা চাষে ঝুঁকছেন। উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে চিনা চাষ করা হয়েছে।