চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ হাজার ৫০০ মিটার মরা নদী খননের অভাবে ৮০০ একর কৃষি জমিতে চাষ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। ড্রেনেজ সমস্যার কারণে বাধ্য হয়ে তারা নিষিদ্ধ পলিথিন দিয়ে পানি সরবরাহ করছেন।
জানা যায়, উপজেলার বলাখাল এবং অলিপুর গ্রামের মধ্যস্থিত ডাকাতিয়া নদীর শাখানদীর (খোদ্দের গাঙ্গ) ১ হাজার ৫০০ মিটার নদী ভরাট হয়ে যাওয়ার কারণে দুটি গ্রামের ৮০০ একর ইরি জমির চাষ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্কিম পরিচালকরা ড্রেনেজ সমস্যার কারণে প্রতি বছর পলিথিন দিয়ে পানি সরবরাহ করে আসছেন।
স্কিম ম্যানেজার মো. খোকন এবং সিরাজ মিয়াজী জানান, প্রতি বছর আমরা দুটি স্কিমের ড্রেন সমস্যায় ৭০০/৮০০ মিটার পলিথিন ব্যবহার করতে হচ্ছে।
চাঁদপুর পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জান্নাতুল ফেরদৌসি জানান, আগামী অর্থবছরে এ বিষয়ের যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।
উপজেলা বিএডিসি কর্মকর্তা মামুনুর রশিদ জানান, নদী এবং ড্রেনেজ বিষয়টি আমাদের না।
এ বিষয়ে চাঁদপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল জানান, খননের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে করা হবে।
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস জানান, এ বিষয়ে পাউবোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।