পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রী হলেন মরিয়ম আওরঙ্গজেব

ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে মঙ্গলবার (১৯ এপ্রিল) শপথ নেয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ৩৭ সদস্যের মন্ত্রিসভা। নতুন মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব।

তথ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের মত প্রকাশের স্বাধীনতার সাংবিধানিক অধিকারকে সীমিত করবে এমন কোনো ‘কালো’ আইন প্রণয়ন বা কাজ করা হবে না।

মরিয়ম আওরঙ্গজেব পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য এবং পাকিস্তান মুসলিম লীগ (এন) রাজনৈতিক দলের বর্তমান মুখপাত্র। তিনি পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে ২০১৮ সালের এপ্রিল থেকে মে পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

তিনি ইসলামাবাদের ফেডারেল গভর্নমেন্ট কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে কায়েদ-আজম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পড়ার সময়  তিনি লন্ডনে চলে যান। সেখান থেকে তিনি কিংস কলেজ লন্ডন থেকে পরিবেশ ও উন্নয়ন নীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।