‘গোটা ইউরোপ এখন কম নিরাপদ’

মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপেস্কু বলেছেন, গোটা ইউরোপ এখন অপেক্ষাকৃত কম নিরাপদ। তিনি বলেন, এই অবস্হা চলতে থাকার মানেই হচ্ছে সামনে আমাদের জন্য ভালো দিন অপেক্ষা করছে না। খবর প্রকাশ করেছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংক্লেনের সঙ্গে বৈঠকের প্রাক্কালে তিনি এসব কথা করেন। মলদোভার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপের প্রত্যেক মানুষই বিগত দুই মাসের তুলনায় অপেক্ষাকৃত কম নিরাপদ বোধ করছে। ইউক্রেন পরিস্হিতির কারণেই এ অবস্হার সৃষ্টি হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মলদোভার গণতান্ত্রিক সংস্কার এবং ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে উদ্ভূত শরণার্থী সংকটের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেন নিকু পোপেস্কু। অ্যান্টনি ব্লিংক্লেন বলেন, শরণার্থীদের প্রতি মলদোভার মানবিক প্রতিক্রিয়া ছিল অসাধারণ।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির ৪ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে দেশটি। এই শরণার্থীরা এখন মলদোভার মোট জনসংখ্যার প্রায় চার শতাংশের প্রতিনিধিত্ব করে। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ইউক্রেন সংকটের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা এবং গণতান্ত্রিক সংস্কারের অগ্রগতিতে মলদোভার প্রতি সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন অ্যান্টনি ব্লিংক্লেন।