সাংবাদিক জামাল খাশোগিকে মরণোত্তর সম্মাননা দিয়েছে সংবাদপত্র ও সংবাদ প্রকাশকদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজপেপারস অ্যান্ড নিউজ পাবলিশার্স (ডাব্লিউএএন-আইএফআরএ)। খবর সানডে টাইমসের
শনিবার স্কটল্যান্ডের গ্লাসগোতে খাশোগির পরিবারের পক্ষে ‘গোল্ডেন পেন অব ফ্রিডম’ সম্মাননা গ্রহণ করেন সৌদি আরবের চলচ্চিত্র নির্মাতা সাফা আল আহমেদ। সম্মাননা তুলে দেন ওয়ার্ল্ড এডিটরস ফোরামের প্রেসিডেন্ট ডেভিড কাল্লাওয়ে। তিনি বলেন, আমি যখন ভয়, হস্তক্ষেপ, গ্রেপ্তার, বুদ্ধিজীবীদের প্রকাশ্যে হেনস্থা এবং ধর্মীয় নেতাদের কথা বলি তখন আমি মনে হয় সৌদি আরবে আছি। এটা শুনে হয়তো আপনারা বিস্মিত হতে পারেন। কিন্তু এটাই দুই বছর আগে ওয়াশিংটন পোস্টে লিখে গেছেন সাংবাদিক খাশোগি। আর এজন্য তাকে জীবন দিয়ে মূল্য পরিশোধ করতে হয়েছে। ডেভিড কাল্লাওয়ে বলেন, সমালোচনার জন্য খাশোগি নিজ দেশে থাকতে পারেননি। যুক্তরাষ্ট্রে বসবাস করেও বাঁচতে পারেননি। তাই আমাদেরকে মিডিয়ার স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। গত বছর তুরস্কে সৌদি আরবের ইস্তাম্বুল কনস্যুলেটে হত্যার শিকার হন খাশোগি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএসহ তুরস্কের তদন্ত কমিটি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমাদের দিকে আঙ্গুল তুললেও রাজপরিবারের পক্ষ থেকে বরাবরই অস্বীকার করা হয়েছে।