আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের মুখে সরকারের দুর্নীতির কথা আর ‘ভূতের মুখে রাম রাম’ একই জিনিস। তিনি বলেন, যে দল ক্ষমতায় থাকাকালীন দেশ তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, যাদের চেয়ারপারসন দুর্নীতির অভিযোগে কারাবাস করছেন তারা কীভাবে সরকারের সমালোচনা করতে পারে। রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় হাইওয়ে পুলিশ কমান্ড ও মনিটরিং সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে এবারে সবচেয়ে আরামদায়ক ও স্বস্তির ঈদযাত্রা হচ্ছে। ঢাকা থেকে দেড় ঘণ্টায় কুমিল্লা এবং চার ঘণ্টায় চট্টগ্রামে পৌঁছানো সম্ভব হচ্ছে। গাজীপুর থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক চারলেনে উন্নীত হওয়ায় উত্তর জনপদেও দুর্ভোগের অবসান হয়েছে। কোথাও কোনো যানজট হচ্ছে না।
হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর খান, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ ও হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সফিকুল ইসলাম, গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নেকি খোকনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সড়ক মন্ত্রী বলেন, মহাসড়কের যানবাহন চালকদের বিশ্রামের জন্য বিশ্রামাগার নির্মাণ করা হবে। এজন্য তিনি মালিক-শ্রমিক নেতাদের মহাসড়কের পাশে জায়গা নির্বাচন করার আহ্বান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি আবার ক্ষমতায় আসায় আগের চেয়ে বেশি শক্তি নিয়ে কাজ করতে পারবেন তিনি। তার এই মেয়াদেই তিস্তাসহ অভিন্ন সব নদীর পানি প্রবাহ ও বাকি সমস্যাগুলোর সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের জামালদী, ভবেরচর ও বাউশিয়া পাখির মোড়ে তিনটি ফুটওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দেন মন্ত্রী।