অপহরণের ১০ দিন পর দুই বোন উদ্ধার, আটক ২

জয়পুরহাটের কালাইয়ে দুই বোন অপহরণের ১০ দিন পর তাদের উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের সাদুরিয়া এলাকা থেকে দুই বোনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মুঈনদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার মাত্রাই ইউনিয়নের ভেরেন্ডি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে কাজল মিয়া (২২) এবং পারবর্তীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে নাজু (২৫)। 

জানা গেছে, গত ৯ এপ্রিল উপজেলার বিয়ালা-মাত্রাই সড়কের স’মিল এলাকা থেকে দুই বোনকে অপরহণ করে নিয়ে যায় অপরহণকারীরা। পরে ১৫ এপ্রিল দুই বোনের বাবা কালাই থানায় ৬ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন।


মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাত্রাই সোনারপাড়ার দুই বোন মাত্রাই উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। গত ৯ এপ্রিল সকালে দুই বোন একসঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার বিয়ালা-মাত্রাই সড়কের স’মিল এলাকা থেকে তাদের অপরহণ করে নিয়ে যায় অপরহণকারীরা। লোকলজ্জা আর সামাজিকতার কারণে দুই বোনের বাবা নিজেই বিভিন্নভাবে তাদের উদ্ধারের চেষ্টাও করেন। কোন কূল কিনারা না পেয়ে অবশেষে ১৫ এপ্রিল দুই বোনের বাবা বাদী হয়ে এলাকার ৬ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন। আসামিরা হলেন উপজেলার মাত্রাই ইউনিয়নের ভেরেন্ডি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে কাজল মিয়া (২২), একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস, পারবর্তীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে নাজু (২৫) এবং আপেল (২৪), একই গ্রামের সালাম শেখের ছেলে মীর শহিদ (২৬) ও দুলাল মিয়ার স্ত্রী নাদিরা বিবি (৪৫)। মামলার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যাওয়ার পথে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের সাদুরিয়া এলাকা থেকে অপহৃত দুই বোনকে উদ্ধার এবং অপহরণকারী দুইজনকে গ্রেফতার করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মুঈনদ্দীন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় অপহরণকারীরা দুই-বোনকে নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের সাদুরিয়া এলাকা থেকে অপহৃত দুই বোনকে উদ্ধার করে। এবং অপহরণকারী দুইজনকেও গ্রেফতার করা হয়।’ তিনি জানান, অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।