মেডিসিনের বাইবেল খ্যাত ডেভিডসনের প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অব মেডিসিনের (প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অব মেডিসিন) ২৪তম সংস্করণে আন্তর্জাতিক উপদেষ্টামণ্ডলীর এক জন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ।
তিনি প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে সবার কাছে পরিচিত। এ উপদেষ্টামণ্ডলীর তালিকায় আছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জর্ডান, ভারতের স্বনামধন্য চিকিৎসকরা।
ডেভিডসনের প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অব মেডিসিনের আন্তর্জাতিক উপদেষ্টামণ্ডলীর একজন নির্বাচিত হওয়ায় এ বি এম আবদুল্লাহ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সবার দোয়ায় আমার এই অর্জন। এরকম বিখ্যাত মেডিক্যাল বিষয়ক পাঠ্যবইয়ের সঙ্গে জড়িত হতে পেরে সত্যিই গর্বিত।’
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক এ বি এম আবদুল্লাহ দীর্ঘদিন যাবৎ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চিকিৎসা বিষয়ক একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বই লিখেছেন প্রখ্যাত এই মেডিসিন বিশেষজ্ঞ।