শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে বিক্ষোভকারী নিহত, শহরে কারফিউ

সরকারবিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছে শ্রীলঙ্কার পুলিশ। এতে একজন বিক্ষোভকারী নিহত হয়েছে। এর জেরে দেশটির পুলিশ বুধবার (২০ এপ্রিল) রামবুক্ষানা শহরে কারফিউ জারি করেছে। খবর ব্যাংকক পোস্টের। 

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর শ্রীলঙ্কা এই প্রথমবারের মতো এতটা অর্থনৈতিক সংকটে পড়েছে। প্রতিনিয়ত ঘণ্টার পর ঘণ্টাজুড়ে লোডশেডিং, খাদ্য ও জ্বালানির অভাব দেশটির নাগরিকদের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। 

এ নিয়ে দেশটিতে দফায় দফায় সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। গতকাল মঙ্গলবার বিক্ষোভকারী প্রধান হাইওয়ে এবং রেল লাইন অবরোধ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রামবুক্ষানা শহরে পুলিশ বিক্ষোভ দমাতে টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে। এতে ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।

ভাসানথা কুমারা নামে এক স্থানীয় শেফ বার্তা সংস্থা এএফপিকে বুধবার বলেন, 'আমার হাতে ও পায়ে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। আমাকে যেন না মারা হয় এজন্য আমি পুলিশের কাছে ভিক্ষা চাই, কিন্তু তারা আমার কথা শুনেননি।'

তিনি আরও বলেন, মানুষেরা ক্ষুব্ধ হয়ে আছে। আমরা সবাই গরীব মানুষ আমরা আমাদের মৌলিক খাবারের জন্য লড়াই করছি।  

রামবুক্ষানা শহর দেশটির রাজধানী কলম্বো থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত। সকাল থেকে এই শহরে দোকান বন্ধ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।   

দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে তিনি গভীরভাবে দুঃখিত। একইসঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তার সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা জনগণের অধিকারকে বাধাগ্রস্ত করা হবে না।