ইউক্রেন ছেড়েছে ৫০ লাখ মানুষ: জাতিসংঘ 

রাশিয়ার আগ্রাসনের কারণে এখন পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এই তথ্য জানিয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ৫৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। 

এদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে ইউক্রেনের ২৩ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনও দাবি করে, তাদের হামলায় ১৫ থেকে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। 

তবে দেশ দুইটির উভয়ের দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে।