সিদ্ধিরগঞ্জে কাউন্সিলরের নির্দেশে দোকানে তালা

সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় কয়েকটি মুদিদোকান তালাবদ্ধ করে দিয়েছে একদল সন্ত্রাসী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও থানাপুলিশে ধরনা দিয়েও দোকান চালু করতে পারছেন না ভুক্তভোগী দোকানিরা। রমজানে দোকান বন্ধ থাকায় দোকানিরা পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান রিপনের মদতে সন্ত্রাসীরা দোকান তালাবদ্ধ করেছে বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, আদমজী কবরস্থান রোডের বায়তুল আমান জামে মসজিদের পাশে তুহিন ঢালী এক যুগ ধরে তার নিজের বাড়ির পাশে নিজস্ব জমিতে একচালা কয়েকটি দোকান নির্মাণ করে নিত্যপণ্যের মুদি ব্যবসা করেন। 

তিনি জানান, সম্প্রতি পরিচিত ও অপরিচিত কয়েক জন ব্যক্তি তার দোকানগুলো দখল নেওয়ার পাঁয়তারা করছিল। গত ১ এপ্রিল তার অনুপস্থিতিতে স্থানীয় সন্ত্রাসীরা দোকানের লোকজনকে বের করে দিয়ে তালা মেরে দোকান বন্ধ করে দেয়। সন্ত্রাসীদের ভয়ে তিনি তালা ভেঙে দোকান চালু করতে পারছেন না। বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানানোর পরও তিনি পদক্ষেপ নেননি। উপায় না পেয়ে থানায় অভিযোগ করেছেন তিনি। স্থানীয়দের অভিযোগ কাউন্সিলরের মদতে এক দল সন্ত্রাসী এ কাজ করেছে। কাউন্সিলর বিষয়টি সুরাহা না করায় মুদিদোকানিরা অসহায় দিন কাটাচ্ছেন।

থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে বিষয়টি কাউন্সিলর মিজানুর রহমান রিপনকে সুরাহা করতে বলেন। 

নাসিক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান রিপন জানান, তুহিন ঢালী সরকারি জমিতে দোকান বসানোর কারণে স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটায় দোকানে তালা মেরে বন্ধ রাখা হয়েছে। 

তিনি আরও জানান, তুহিন ঢালীর দাবি করা জমির কাগজপত্র সঠিক নয়।