চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে যুবলীগ নেতা কামরুল ইসলাম রতনের (৪৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তিন নম্বর সুবিদপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিগধাইর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ নিহতের ভগ্নিপতি শাহাদাত হোসেনকে (৪০) গ্রেফতার করেছে।
জানা যায়, ভগ্নিপতি শাহাদাত হোসেনের সঙ্গে শ্যালক কামরুল ইসলাম রতনের সম্পত্তিগত বিরোধের জেরে তর্ক-বিতর্ক বাঁধে। দুই জনের মধ্যে মারামারির এক পর্যায়ে শাহাদাত ছুরি এনে রতনের পেটে আঘাত করে। পরে স্থানীয় লোকজন এসে রতনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রতনের মৃত্যু হয়েছে। ঘটনায় অভিযুক্ত ভগ্নিপতি শাহাদাতকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।