বাংলাদেশে আসবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড তালপাতার সেপাই। আয়োজক প্রতিষ্ঠান ঢাকা ব্রডকাস্টের আমন্ত্রণে জুনের প্রথম সপ্তাহে আসছেন তারা। ব্যান্ড দলটির সদস্যরাই বিষয়টি নিশ্চিত করেছেন।
এপার বাংলা ও ওপার বাংলা— দুই বাংলাতেই খ্যাতি রয়েছে তালপাতার সেপাইয়ের। বিশেষ করে তাদের গাওয়া গান মশাদের চুমু, চাঁদের শহরে, আমি শুধু খুঁজেছি আমায় গানগুলো সবসময়ই থাকে মানুষের মুখে মুখে। এবার সেই তালপাতার সেপাই আসছে বাংলাদেশে।
আগামী জুনে ঢাকার একটি মিলনায়তনে গান গাইবেন তারা। এখন পর্যন্ত ভেন্যু ও দিনক্ষণ নির্দিষ্ট না হলেও, ধারণা করা হচ্ছে শিগগিরই আয়োজক প্রতিষ্ঠান বিষয়টি সামনে নিয়ে আসবে।
এ বিষয়ে যোগাযোগ করা হয় তালপাতা সেপাই-এর সঙ্গে যোগাযোগ করা হলে ইত্তেফাককে এ ব্যান্ডের শিল্পী প্রীতম দাস জানান, বাংলাদেশ নিয়ে একঝাঁক পরিকল্পনা করে রেখেছেন তারা। সময়-সুযোগ মিললে ভিডিও শ্যুট, মিট-গ্রিট সবকিছু করতে চান।
আলাপে তিনি উল্লেখ করলেন এদেশে থাকা ভক্তদের কথা। বললেন, আমাদের ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক মাধ্যমে অনেকে অনুরোধ করেছেন, দেখা করতে চেয়েছেন; ফ্যানদের কথা তো রাখতে হবেই। তাই ফাইনালি আসছি আমরা। আমাদের এত ভালোবাসার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আপনাদের জন্যই তালপাতার সেপাই। আপনারা আছেন বলেই আমরা আছি। জলদি দেখা হচ্ছে।