ব্র্যাক ইউনিভার্সিটি ও টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি কমার্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

ব্র্যাক ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি কমার্সের (টিএএমইউসি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা বিনিময়, গবেষণা এবং অনুদানের আবেদন বিষয়ে সহযোগিতা, সামাজিক প্রভাবমূলক যৌথ প্রকল্প চালুসহ আরও বেশ কিছু বিষয় রয়েছে।

সম্প্রতি টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি কমার্স কলেজ অব বিজনেসের ডিন মারিও হায়েকের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট মার্ক রুডিন চুক্তিতে স্বাক্ষর করেন। ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ভিনসেন্ট চ্যাং। ব্র্যাক বিজনেস স্কুলের ডিন স্যাং লি ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি অনুয়ায়ী, ব্র্যাক বিজনেস স্কুলে স্নাতক শুরু করা আগ্রহী শিক্ষার্থীরা টেক্সাসের বিশ্ববিদ্যালয়টিতে তাঁদের ডিগ্রি শেষ করতে পারবেন। এ ছাড়া চুক্তির ফলে ব্র্যাক বিজনেস স্কুলের ব্যাচেলর গ্র্যাজুয়েটরা ৪০ শতাংশের বেশি টিউশন ফি ছাড়ে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজনেস ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।