স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সড়ক সংস্কার

সিরাজদিখানে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন অভিযাত্রীক ব্লাড ব্যাংক মুন্সীগঞ্জ।

বুধবার (২০ এপ্রিল) ভোর থেকে বিকাল পর্যন্ত উপজেলার মালখানগর গ্রামে মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সামনের সড়কটি সংস্কার করা হয়। দিনব্যাপী কাজের তদারকি করেন সংগঠনের আহ্বায়ক মুরাদ হাসান শাওন ও সদস্যসচিব জাহিদ হাসান কায়েস।

এ সময় সংগঠনের সদস্যরা শ্রমিকদের সঙ্গে কাজে অংশ নেন। তাদের এ কর্মকাণ্ড পথচারীরা দেখে প্রশংসা ও দোয়া করেন। সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছে। যেমন সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপলক্ষে ও শীতকালে বস্ত্র, ত্রাণ ও ইফতারসামগ্রী বিতরণ, বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ, জনসচেতনতামূলক কার্যক্রম করে যাচ্ছে। ইতোমধ্যে এ সংগঠনটি অত্র অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।