উপকূলীয় লবণাক্ত ঘেরে এখন সোনালী ধানের দোল

যে লবণাক্ত ঘেরে এখন আগের মতো আশানুরূপ মাছ হয় না, সেই ঘেরে এখন চাষির মন আলো করে দোল খাচ্ছে পাকা সোনালী ধান। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইউন্সিটিউট-বিনা সাতক্ষীরা উপ-কেন্দ্র আয়োজিত মাঠ দিবসে কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সামনে দৃশ্যমান হলো সেই মনোরম দৃশ্য।

বুধবার (২০ এপ্রিল) বিকালে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিণখোলা এলাকার বিনা-১০ ধানের মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আকতার। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম। আলোচনা করেন, কৃষক অরবিন্দ সরকারসহ কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ।

অনুষ্ঠানে সফল কৃষক ও কৃষাণীর হাতে পুরস্কার তুলে দেন বিনা সাতক্ষীরা উপ-কেন্দ্র। এ সময় হরিণখোলা এলাকার কৃষকরা ১৫-১৬ ডিএস মাত্রার লোনা জমিতে বিনা ধান-১০ চাষাবাদ করে সফল হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিনা’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আকতার বলেন, বিনা উপকূলের সকল পতিত জমিতে সফল চাষাবাদ ও চাষিকুলকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য কাজ করছে এবং করে যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম বলেন, ‘দুর্যোগপ্রবণ সাতক্ষীরার উপকুলে বিনা ধান-১০ সফল চাষাবাদ এ এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।’