রাজধানীর সিগন্যালে আটকে পড়া গাড়িগুলোর জানালায় উঁকি দিয়ে দিয়ে ফুল বিক্রির চেষ্টা করছে খেটে খাওয়া এক কিশোরী। চোখ-মুখে এক জীবনের ক্লান্তি আর হতাশা নিয়ে মেয়েটি বসে পড়ে ফুটপাতে। হটাৎ তার কাছে ফুল চাইলো এক যুবক। আজ তার প্রিয় মানুষের জন্মদিন। কিন্তু তার কাছে টাকা নেই। অচেনা ছেলেটিকে বিনে পয়সায় ফুল দেয় মেয়েটি। অথচ এই ফুল বিক্রি করেই তার সংসার চলে।
অভাবগ্রস্ত জীবনেও অচেনা মানুষের ইচ্ছে পূরণের এই উদার এবং অসাধারণ মানসিকতা খুব সহজেই নাড়া দেবে যে কাউকেই। এমন মানবিক গল্পে নির্মিত ‘রিয়েল পিপল রিয়েল স্টোরি’ নামের ভিডিওচিত্রটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।
বিলিভ প্রাইভেট লিমিটেডের ব্র্যান্ড লাফজ নির্মিত সোশ্যাল এক্সপেরিমেন্টাল এই ভিডিওটি হূদয় ছুঁয়ে যাওয়া গল্পের প্রভাবেই নজর কেড়েছে মানুষের বলে মনে করছেন অনেকে। ভিডিওচিত্রটির কমেন্টস বক্সে অনেকেই মন্তব্য করছেন মানুষের বিবেকবোধ জাগ্রত করতে এই ভিডিওটি দারুণ প্রভাব ফেলবে।