নারায়ণগঞ্জে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। এক থেকে পাঁচ বছর বয়সি শিশুদের পাশাপাশি নবজাতকেরাও আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। মার্চের শুরু থেকে জেলায় ডায়রিয়ার প্রকোপ বাড়লেও বর্তমানে কম বয়সিদের আক্রান্তের হার বেড়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্হ্য বিভাগ।
এদিকে হাসপাতালে চিকিত্সা নিতে গিয়ে একদিকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়া, অন্যদিকে নার্সদের দুর্ব্যহারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন রোগীদের স্বজনেরা। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) ঘুরে দেখা যায় ডায়রিয়া ওয়ার্ডে আক্রান্তদের উপচে পড়া ভিড়। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের বারান্দায়ও জায়গা নেই। রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিত্সকেরা। অধিক রোগী হওয়ায় এক বেডে একাধিক রোগীকে চিকিত্সা দেওয়া হচ্ছে।
শিশু হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. এস কে ফরহাদ হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধির বিষয়ে বলেন, শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা কম থাকায় গরমে সহজেই তারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এছাড়া রাস্তার খাবার ও লেবুর শরবত রোগ ছড়াচ্ছে। তিনি আরো বলেন, পানিদূষণের কারণে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।
নারায়ণগঞ্জে আগত আইইডিসিআরের আট সদস্যের টিমের তথ্যমতে, সিটি করেপোরেশনের পানি সরবরাহ বিভাগের পানির পাইপে লিকেজ পাওয়া গেছে। অনেক জায়গায় সুয়ারেজ লাইনের ভেতর দিয়ে পাইপ নেওয়া হয়েছে। এতে পাইপের লিকেজ দিয়ে ড্রেনের দূষিত পানি প্রবেশ করছে। এ ছাড়া পানিতে কলেরা রোগের জীবাণু পাওয়া গেছে। রোগী বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, মার্চ মাসের মাঝামাঝি থেকে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়তে শুরু করে।