ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন আয়োজিত এক ইফতার পার্টিতে আমন্ত্রিতদের ভীতি প্রদর্শন ও হেনস্তা করে ওই স্থান থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের কর্মকর্তাদের বিরুদ্ধে। গতকাল রবিবার পাকিস্তানে নিয়োজিত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া এ অভিযোগ করেন। ‘হেনস্তা’র শিকার হওয়া অতিথিদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। এদিকে ভারত এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং পাকিস্তানে দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার তদন্ত করতে আহ্বান জানিয়েছে।
গত শনিবার সন্ধ্যায় ইসলামাবাদের হোটেল সেরেনায় ইফতার পার্টির আয়োজন করে ভারতীয় হাইকমিশন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা অনুষ্ঠানস্থল ঘেরাও করে ফেলেন। অতিরিক্ত নিরাপত্তা তল্লাশির কথা বলে আমন্ত্রিতদের কাছে গিয়ে তাদের ইফতারে যোগ দেওয়ার ব্যাপারে হুমকি দেন। শতাধিক অতিথিকে বিব্রত করা হয়, বাধ্য করা হয় ওই স্থান ছেড়ে যেতে।
পাকিস্তানে নিয়োজিত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া বলেন, যেসব অতিথিকে হেনস্তা করে ইফতার পার্টি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ধরনের ভীতিপ্রদর্শনকারী কৌশল অত্যন্ত হতাশাজনক। তার এই ধরনের ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অনুকূল নয়। তিনি বলেন, তারা শুধু কূটনৈতিক আচরণের মৌলিক নিয়ম এবং সভ্য ব্যবহারের নিয়মকেই লঙ্ঘন করছে না, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও এটি প্রতিকূলতা তৈরি করছে।