নিউজিল্যান্ডে মূল্যস্ফীতি তিন দশকের মধ্যে সর্বোচ্চ

নিউজিল্যান্ডে ভোক্তামূল্য সূচক (সিপিআই) তিন দশকের সর্বোচ্চ গতিতে বেড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে। যেখানে গত বছরের চতুর্থ প্রান্তিকেও মূল্যবৃদ্ধির হার ৫ দশমিক ৯ শতাংশ ছিল।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবিলায় সুদের হার বাড়ানোর মতো পদক্ষেপ নিচ্ছে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিকে মন্দার হাত থেকে বাঁচাতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও এ সময়ে মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় কিছুটা কম রয়েছে। তারপরও কেন্দ্রীয় ব্যাংক আবারও মে মাসে সুদের হার বাড়াবে বলে আশা করা হচ্ছে। 

পরিসংখ্যান নিউজিল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, গত প্রান্তিকে মূল্যস্ফীতির হার ১৯৯০ সালের দ্বিতীয় প্রান্তিকে ৭ দশমিক ৬ শতাংশ উন্নীত হওয়ার পর সর্বোচ্চ। প্রথম প্রান্তিকে সিপিআই আগের প্রান্তিকের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। যেখানে চতুর্থ প্রান্তিকে এ বাড়ার হার ১ দশমিক ৪ শতাংশ ছিল। এজন্য সরকারের বিরুদ্ধে ‘বাড়তি অপচয়’ করার অভিযোগ আনা হয়েছে। যদিও সরকার এটি প্রত্যাখ্যান করে বলেছে, বৈশ্বিক চাপ ও অভ্যন্তরীণ কারণ এর জন্য দায়ী। 

দেশটির অর্থমন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেছেন, বৈশ্বিক কারণেই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আর একই কারণে জ্বালানির দামও বেড়েছে। বিরোধী দলগুলো এজন্য সরকারের অযাচিত খরচ করাকে দোষারোপ করেছেন। বিশেষ করে সরকার যে হারে বিভিন্ন প্রকল্পে বিশাল অর্থব্যয় করছে তার নেতিবাচক প্রভাবই এখানে এসে পড়ছে। এভাবে চলতে গেলে সামনে মূল্যস্ফীতি আরো বাড়বে বিশ্লেষকরা বলছেন।