'ডনবাসে কয়েক ডজন শহর দখল করেছে রাশিয়া' 

পূর্ব ইউক্রেনের ডনবাসে পুরো মাত্রায় আগ্রাসন শুরু করেছে রাশিয়া। এর প্রেক্ষিতে ওই অঞ্চলে কয়েক ডজন ছোট শহর দখল নিয়েছে দেশটি। সিএনএনের লাইভ প্রতিবেদনে শনিবার (২৩ এপ্রিল) এই তথ্য জানানো হয়েছে।  তবে যুক্তরাজ্যের কর্মকর্তারা বলেছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়া বড় কোনো অর্জনে ব্যর্থ হয়েছে। 

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, লুহানস্ক ও দোনেতস্কে তুমুল লড়াই চলছে। 

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল নিতে ব্যর্থ হয়ে রাশিয়া সম্প্রতি দেশটির পূর্ব দিকে হামলা জোরদারে মনোনিবেশ ঘটায়। শুক্রবার (২২ এপ্রিল) রাশিয়া প্রথমবারের মতো জানায়, তাদের লক্ষ্য হচ্ছে ডনবাস ও দক্ষিণ ইউক্রেন পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া। 

রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিকের ডেপুটি কমান্ডার রুস্তম মিনেকায়েভ বলেন, 'সামরিক অভিযানের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে ডনবাস এবং দক্ষিণ ইউক্রেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করেছে রাশিয়া।' 

রুস্তম মিনেকায়েভ আরও বলেছেন, রাশিয়া ক্রিমিয়া এবং ডনবাসের মধ্যে স্থল করিডোর তৈরিরও পরিকল্পনা করেছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নিয়েছে রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।