ইন্টারন্যাশনাল ইন্টার-ইউনিভার্সিটি আরবিট্রেশন কনটেস্ট ২০২১-এ বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সিটি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) আয়োজনে গত বছরের শেষদিকে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মোট ৭টি দল অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিরোপা জিতে নেয়। এতে বিচারক হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত আরবিট্রেটররা উপস্থিত ছিলেন।
গত ১২ এক অনুষ্ঠানে বিজয়ীদের ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের এমডি ও সিইও মাশরুর আরেফিন, বিয়াকের সিইও কায়সার এ চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুর রহমান; ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ও হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণ্যমান্য শিক্ষকবৃন্দ।
‘আরবিট্রেশান’ বা ‘সালিশ’ আদালতের বিকল্প বিরোধ নিষ্পত্তির একটি অন্যতম মাধ্যম হিসেবে বিশ্বজুড়ে সুপরিচিত। আদালত যখন ধারণক্ষমতার অতিরিক্ত মামলা নিয়ে বিপাকে পড়ে, তখন বিকল্প বিরোধ নিষ্পত্তি তুলনামূলক অল্প সময়, শ্রম ও খরচে সুবিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। বিভিন্ন বিচারিক ও অর্ধ-বিচারিক আদালতের পাশাপাশি বিয়াকের মত বেসরকারি প্রতিষ্ঠানও সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে বাংলাদেশের আদালতসমূহের মামলার ভার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরবিট্রেশান কন্টেস্ট ছাড়াও বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে বিয়াক 'বিকল্প বিরোধ নিষ্পত্তি' মাধ্যমকে সুপরিচিত ও প্রসারিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।