ম্যাচের গুরুত্ব বুঝে বিদেশি রেফারি

প্রিমিয়ার ফুটবল ফিরতি লিগে বিদেশি রেফারি আসবে। লিগের পয়েন্ট টেবিল বলে দিচ্ছে জমাট খেলা হবে। তবে বাফুফে এখনই রেফারি আনতে রাজি না। আরও কিছু দিন লিগের খেলা পর্যবেক্ষণ করবে। শিরোপা লড়াই যদি কঠিন জটিলতায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে রেফারি আনা হবে। বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে বাফুফে। জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

বাফুফে চাইছে অযথা কোনো খেলায় বিদেশি রেফারি এনে বসিয়ে রেখে লাভ নেই। কিংবা গুরুত্বের কথা বিবেচনা করে যেসব ম্যাচ এগিয়ে থাকবে সেসব ম্যাচের জন্য বিদেশি রেফারি আনার উদ্যোগ থাকবে বাফুফের।

বসুন্ধরা কিংস-আবাহনী ম্যাচ বিদেশি রেফারি আসতে পারে। এমন ইঙ্গিত দিলেন সোহাগ। বাফুফে ঘোষিত ফিকশ্চার অনুযায়ী ধারাবাহিকভাবে খেলা হলে ১৪ জুলাই শেখ জামাল-আবাহনী ম্যাচ সিলেটে। ১৯ জুলাই বসুন্ধরা-আবাহনী ম্যাচ ঢাকায়। শিরোপা নির্ধারণ হতে পারে এমন ম্যাচে বিদেশি রেফারি আনাতে চায় বাফুফে।

প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচ চলাকালীন ক্যামেরা স্হাপন করার কথা ভাবছে বাফুফে। ফিরতি লিগের খেলা আজই শুরু হচ্ছে, তবে ক্যামেরা কবে বসবে সেটি পরিষ্কার করা হয়নি। এখন লিগের খেলা চলাকলীন একটি ক্যামেরা ব্যবহার হয়ে থাকে। ফিরতি লিগে তিনটি ক্যামেরা স্হাপন করা হবে। এমনকি ডাগআউটেও ক্যামেরা বসানোর কথা ভাবা হচ্ছে।

পাতানো খেলা হচ্ছে বলে সম্প্রতি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ নিয়ে হইচই পড়েছে, একাধিক ক্লাব অভিযুক্ত হয়েছে। খেলোয়াড়-কোচ-কর্মকর্তা বাফুফের পাতানো খেলা শনাক্তকরণ কমিটির সামনে হাজির হয়ে অভিযোগের পক্ষে-বিপক্ষে নিজেদের অবস্হানের কথা তুলে ধরেছেন। পাতানো খেলা হওয়ার সম্ভবানা রয়েছে মনে করে প্রিমিয়ার ফুটবল লিগে ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে। ডাগআউট থেকে মাঠের ভেতরে খেলোয়াড়দের পাতানো খেলার ইঙ্গিত দেওয়া হচ্ছে কি না, কিংবা ডাগআউটে বসে খেলোয়াড়-কোচ-কর্মকর্তারা কী করছেন সেটাও পর্যবেক্ষণ করবে বাফুফে। অনেক কথাই বলে বাফুফে, কিন্তু দিন শেষে কতটা রক্ষা করতে পারবে সেটাই বড় কথা।