ঈদুল ফিতর যতই ঘনিয়ে আসছে কমলগঞ্জ উপজেলার বিপণিবিতান ছাড়াও মফস্বল হাটবাজারের দোকানগুলোতে ক্রেতাসাধারণের সমাগম বাড়তে শুরু করেছে। করোনার ধাক্কায় গত দুই বছর মফস্বলের হাটবাজারগুলোতে ঈদের আমেজ দেখা গেলেও এবার পরিস্থিতি ভিন্ন। শেষ সময়ে মানুষজন ঈদে কেনাকাটা করতে হাটবাজারের বিপণিবিতান ও শপিং মলে ভিড় করছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শমশেরনগর বাজার, ভানুগাছ বাজার, আদমপুর বাজার, মুন্সীবাজার ও শহীদনগর বাজার এলাকায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। ভিড় চোখে পড়েছে আবার দর্জির দোকানগুলোতেও। করোনার ধাক্কা কাটিয়ে উঠে দুই বছর পর ব্যবসায় গতি ফিরে আসায় স্বস্তিতে রয়েছেন বিক্রেতারা।
উপজেলার শমশেরনগরের ব্যবসায়ী মা-মনি ফ্যাশন হাউজ ও রংধনু ফেব্রিক্সের মালিক তারেক আহমদ রিপন বলেন, এবার ঈদে বেচাকেনা ভালো আছে। তবে এখন দিনের বেলায় ক্রেতারা বেশি আসছেন। আশা করছি রমজানের শেষ মুহূর্তে পুরোদমে বেচাকেনা শুরু হবে।
শপিং করতে আসা গৃহবধূ নাজমা বেগম, পলি আক্তার, শিক্ষার্থী ফাহমিদা ইয়াসমিন জানান, এবার পছন্দের সবকিছুই পাওয়া যাচ্ছে মার্কেটে। দাম অনেকটা বেশি হলেও পছন্দের শাড়ি ও জামাকাপড় কেনা যাচ্ছে। এদিকে ঈদ বাজারকে নির্বিঘ্নে করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াদৌস হাসান জানান, উপজেলার প্রতিটি মার্কেট ও বিপণিবিতানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি রাখছে। কোনো প্রকার সমস্যা যাতে না হয় সে ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা যাতে করে অতিরিক্ত দাম না রাখতে পারে সেদিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের নজরদারি রয়েছে।