রায়পুর পৌর শহর থেকে গত শুক্রবার দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। এ নিয়ে চলতি ১ থেকে ২৩ এপ্রিল পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ২০টি মোটরসাইকেল ও অর্ধশতাধিক অটোরিকশা চুরি হয়েছে।
উপজেলার বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই চুরি হচ্ছে মোটরসাইকেল ও অটোরিকশা। রায়পুরে বেপরোয়া হয়ে উঠেছে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্র। চার-পাঁচ মিনিট সময় পেলেই প্রশিক্ষিত চোর কৌশলে মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে যাচ্ছে। এ অবস্থায় বাড়তি সতর্কতা অবলম্বন করেও চুরি ঠেকানো যাচ্ছে না। এ নিয়ে মোটরসাইকেল মালিকরা আতঙ্কে রয়েছেন।
গত শুক্রবার দুপুরে রায়পুর উপজেলা জামে মসজিদে জুম্মার নামাজ পড়ার সময় মসজিদের সামনে থেকে ওষুধ ব্যবসায়ী ফারুক হোসেনের মোটরসাইকেলটি চুরি হয়। এর আগে সকালে সিনেমা হল রোড থেকে ইসমাইল নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। গত ১৮ এপ্রিল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হোসেন সর্দারের বাসা থেকে তালা ভেঙে মোটরসাইকেল নিয়ে যায় চোরেরা।
রায়পুর থানার ওসি শিড়ন বড়ুয়া বলেন, বেশকিছু মোটরসাইকেল চুরির কথা শুনেছি। মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়রি করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত চক্রটি ধরতে বিভিন্নভাবে চেষ্টা করছি।