লক্ষ্মীপুরের রামগতিতে চাল বোঝাই একটি ট্রাক উল্টে পুকুরে পড়ে গেছে। ওই ট্রাকে জেলেদের সহায়তার ১৭ মেট্রিক টন চাল ছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি সোনাপুরের দিকে যাচ্ছিল। এ সময় ওই সড়কে দাঁড়িয়ে থাকা একটি শিশুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে।
চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকায় ইউনিয়নে দুই হাজার তিনশ পরিবারের জন্য সরকারি সহায়তার ৯২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। জেলেদের মধ্যে বিতরণের জন্য ১৭ মেট্রিক টন চাল উপজেলা সদর আলেকজান্ডার খাদ্য গুদাম থেকে নিয়ে যাওয়া হচ্ছিল।
আরও পড়ুন: আগামীকাল দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রামে ঈদ
ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক জানান, ঈদ উপলক্ষে বিশেষ বরাদ্দে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই চালের পরিবর্তে আরও ভালো চাল সরবরাহ করা হবে।
ইত্তেফাক/অনি