রুশ বাহিনী রোববার দিবাগত রাতে তাদের দেশের সীমান্তের কাছে ইউক্রেনের দুইটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সোমবার আঞ্চলিক গভর্ণর এ কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্ণর রোমান স্টারোভোয়িত টেলিগ্রাম বার্তায় বলেন, ‘আজ স্থানীয় সময় ৪:১৫ টায় রাশিয়ার রাইলস্কি জেলায় ইউক্রেনের সাথে লাগোয়া সীমান্তের কাছে মস্কোর বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ইউক্রেনের দুইটি ড্রোন গুলি করে ভূপাতিত করে।
পরে এক বিবৃতিতে জানানো হয়, ড্রোন ভূপাতিত করার সময় কেউ হতাহত বা কোন ক্ষতি হয়নি। সেখানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহরের এক বৃহৎ জ্বালানি ডিপোতে আগুন জ্বলছে। সোমবার (২৫ এপ্রিল) রুশ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ইউক্রেন সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরে ব্রায়ানস্কের ট্রান্সনেফ্ট-ব্রায়ানস্ক-দ্রুজবা জ্বালানি ডিপোতে আগুন জ্বলার এ খবর জানানো হয়েছে। মস্কোর সামরিক অভিযানে এই ডিপোকে লজিস্টিক বেইজ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।