আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ফসল রক্ষা বাঁধ ভেঙে দেওয়ার অভিযোগ

পানি প্রবেশ করানোর মাধ্যমে নিজের জলমহাল ‘নন্দের পেটনায়’ মাছ ঢোকাতে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর এলাকায় ‘পেটনা ফসল রক্ষা বাঁধ’ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা লোকমান হেকিমের বিরুদ্ধে। 

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে এ বাঁধটি কেটে দেবার পর পরই বাঁধের পাশে প্রায় ১০ একর জমির বোরো ধান তলিয়ে গেছে। এ বাঁধ দিয়ে পানি ঢুকতে থাকায় আগামী ২৪ ঘণ্টায় খালিয়াজুরী ও পাশের মদন উপজেলার বিশাল এলাকার কাঁচা-পাকা ধান তলিয়ে যাবে বলে ধারণা করছেন খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও স্থানীয় কৃষকরা।

স্থানীয়দের অভিযোগ, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলাটির মেন্দিপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জগন্নাথপুর গ্রামের বাসিন্দা লোকমান হেকিম তার নিজের জলমহাল ‘নন্দের পেটনায়’ মাছ ডুকানোর জন্য পেটনা নামের ওই ফসল রক্ষা বাঁধটি কেটে দিয়েছেন।

জগন্নাথপুর গ্রামের কৃষক মাহাবুর রহমান, মিয়া সুজন, খোকন মিয়া ও গোলাপ মিয়া জানান, সোমবার রাতে লোকমান হেকিম ওই বাঁধটি ভেঙে দেন। এরপর স্থানীয় কৃষকরা বাঁধ এলাকায় গিয়ে চেয়ারম্যানকে ধাওয়াও করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা লোকমান হেকিমের মোটরসাইকেলটি জলমহালে ফেলে দেন।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম এবং নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত জানান, অসংখ্য কৃষকের অভিযোগ রয়েছে লোকমান হেকিম ও তার কয়েকজন সহচর মিলে ওই ফসল রক্ষা বাঁধটি কেটে দিয়েছেন। এখন পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন ও কৃষকদের সম্মিলিত উদ্যোগে বাঁধটি পুনঃনির্মাণের চেষ্টা চলছে। 

এদিকে, বাঁধ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দেয়ার প্রস্তুতি চলছে বলেও মঙ্গলবার বেলা ১২টার দিকে জানান তারা।