ফরিদপুরে বিনোদবাড়ী লঞ্চঘাটে আবর্জনার স্তূপ

ফরিদপুর উপজেলার জমিদার বনমালী রায়ের বিখ্যাত বিনোদবাড়ী ঘাট এখন আবর্জনা ফেলার স্থানে পরিণত হয়েছে। বিংশ শতাব্দীর প্রথম দিকে জমিদার বনমালী রায় এ ঘাটটি প্রতিষ্ঠিত করেন। এই এলাকার যোগাযোগের একমাত্র জায়গা ছিল এ বিনোদবাড়ী ঘাট।  

কলকাতাসহ বিভিন্ন এলাকার জমিদারের লোকজন ও সাংস্কৃতিক কর্মীরা লঞ্চযোগে জমিদার বনমালী রায়ের বিশাল কাচারি ও নাট্যমন্দিরে আসতেন প্রমোদ ভ্রমণে এবং অভিনয় করতে ও অভিনয় দেখতে। স্বাধীনতার পরও এ ঘাটে অনেক লঞ্চ ও নৌকা থামত। কিন্তু বড়াল নদে পানি কমে যাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এখনো বর্ষাকালে ছোট ছোট বালু ও তেলের ট্রলার এ ঘাটে থামে। যাত্রীবাহী অনেক নৌকাও এখান থেকে জেলার বিভিন্ন এলাকায় চলাচল করে। বর্ষার সময় কিছুটা পরিষ্কার থাকলেও শুকনো মৌসুমে বনওয়ারীনগর বাজারের ময়লা-আবর্জনা এখানে ফেলা হয়| ফলে দুর্গন্ধে এ ঘাট এলাকায় টেকা যায় না। 

এ ব্যাপারে পৌর মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ বলেন, পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকার কারণে নিষেধ করলেও লোকজন ময়লা-আবর্জনা ফেলছে। খুব তাড়াতাড়ি পৌর এলাকার ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান তৈরি করা হবে। তখন আর এ সমস্যা থাকবে না।