বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ এলাকা দেখতে বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় জনপদে আসছেন ডেনামার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।
একদিনের সফরে আসছেন রাজকুমারী। তার ভ্রমণ সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করেছেন স্থানীয় প্রশাসন। নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে পুরো এলাকা।
সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে এসএসএফ। জেলা ও থানা পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে এবং এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’
স্থানীয় প্রশাসন ও জেলা তথ্য অফিস থেকে দেওয়া সফরসূচি অনুযায়ী, রাজকুমার ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের টেকনিক্যাল অ্যান্ড কলেজের পাশে তৈরি করা হেলিকপ্টার প্যাডে হেলিকপ্টার থেকে নামবেন। তারপর গাড়িতে চড়ে কুলতলী গ্রামে যাবেন এবং ১৫ থেকে ২০ মিনিট ওই জনপদে হাঁটবেন। এ সময় জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস এলাকা ঘুরে দেখবেন ও ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন। রাজকুমারী জলবায়ু ঝুঁকিপূর্ণ বসবাস এলাকায় অবস্থিত সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন। সুন্দরবন ভ্রমণসহ বন-বিভাগের লোকজনের সঙ্গে ও গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। দুপুরে তিনি স্থানীয় বরসা রিসোর্টে মধ্যাহৃভোজ করবেন।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, রাজকুমারীর সুন্দরবন ভ্রমণ সফলকে কেন্দ্র করে সাধারণ পর্যটকসহ জেলে বাওয়ালিদের ২৫ ও ২৬ মার্চ সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ।
এর আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সোমবার সকালে তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান তিনি।