বাংলাদেশে ভারতীয় মুদ্রার জাল নোট (এফআইসিএন) তৈরির নেটওয়ার্ক রয়েছে। সেটি ধরতে এবং দমন করতে বাংলাদেশের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে ভারত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জব্দ হওয়া জাল নোটগুলোর সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং কিছু ট্রান্সন্যাশনাল অপরাধী চক্রের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পেয়েছে।
বাংলাদেশ লাইভ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অপরাধী চক্ররা বাংলাদেশকে ব্যবহার করে ভারতের ভেতর জাল নোট পাচার করছে। তাই বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে এই নেটওয়ার্ক বন্ধ করতে সমন্বয় করছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
এর আগে ২০২১ সালের নভেম্বরে এফআইসিএন পাচারের জন্য ফাতেমা আক্তার এবং শেখ মোঃ আবু তালাব নামে দুই বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছিল ঢাকা পুলিশ। সে সময় তাদের কাছ থেকে ৭.৩৫ কোটি টাকার একটি চালান উদ্ধার করা হয়েছিল। এই চক্রটি বাংলাদেশকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার এবং ভারতে জাল মুদ্রা পাচার করে আসছিল।
গ্রেফতারকৃতরা আন্তর্জাতিক এফআইসিএন সিন্ডিকেটের অংশ। তারা পাকিস্তানের আইএসআই দ্বারা পরিচালিত। চক্রটি বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত সহ অন্তত সাতটি দেশে কাজ করছে। তাদের মধ্যে রয়েছে আইএসআই, আন্তর্জাতিক সংগঠিত অপরাধী গ্যাং-ডি কোম্পানির সদস্য, ব্যবসায়ী, নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য এবং অন্যান্য মধ্যস্থতাকারী।