ঈদুল ফিতরকে ঘিরে কবি নজরুলের লেখা শতবর্ষ আগে ‘এলো খুশির ঈদ’ আজো শ্রোতাকূলের কাছে প্রিয়। গানটির জনপ্রিয়তা এতোটাই ব্যাপক যে কারণে- যুগে যুগে বিভিন্ন শিল্পী, যন্ত্রশিল্পীরা চেষ্টা করেছেন গানের কথা ঠিক রেখে ভিন্নতা আনার। সে প্রচেষ্টা থেমে নেই।
এবারের ঈদুল ফিতরকে সামনে রেখে জনপ্রিয় এই গানটিকে নতুনভাবে শ্রোতাদের পাশাপাশি শ্রোতাদের কাছে আনতে যাচ্ছেন ‘নৈনামিক’। ‘নৈনামিক’ ব্যান্ডের আয়োজনে রক ধাঁচে গানটির সংগীত আয়োজন করেছেন ঋভু আনন। গানটির অডিও ধারণে কাজ করেছেন ভারতীয় সাউন্ড ইঞ্জিনিয়ার প্রতীক প্রধান।
গানটি কাভার করেছেন নির্ঝর চৌধুরী, জাফরীন এবং নৈনামিক টিমস। সম্প্রতি বনানীর নৈনামিক স্টুডিওতে গানটির রেকর্ডিং এবং মিউজিক ভিডিও তৈরি করা হয়। এটি নির্মাণ করেছেন নৈনামিকের হেড অব প্রোগ্রাম আশাজ যূবায়ের।
তিনি বলেন, বলতে পারেন বৈশ্বিক স্বাদ আনার প্রচেষ্টা। একেবারে ভিন্নতা নিয়ে শ্রোতাদের উপভোগের প্রত্যাশা করেই পূর্ণ আন্তরিকতা নিয়ে কাজ করেছে টিম ‘নৈনামিক’।
শ্রোতাদের সাদর আমন্ত্রণ রইলো ঈদের দিন গানটি উপভোগ করার। ঈদুল ফিতরের আগে গানটি নৈনামিক ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে বলে নির্মাতা জানিয়েছেন।