রংপুর-ঢাকা মহাসড়কে বাস চাপায় ৩ জনের মৃত্যু

রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মহেশপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে তাজু মিয়া (২৫), একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলে অটোরিকশা চালক সোহেল মিয়া (৩৫) ও দুলা মিয়ার ছেলে সবুজ মিয়া (২৬)। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পঞ্চগড় যাওয়ার সময় সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তাজু ও চালক সোহেল প্রাণ হারান। আশঙ্কাজনক অবস্থায় সবুজকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ ও মামলার প্রস্তুতি চলছে।