পত্নীতলায় মসজিদের ঈমাম নিখোঁজ

নওগাঁর পত্নীতলায় রবিবার রাতে মোঃ ওয়াদুদ নামে মসজিদের এক ঈমাম নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার মল্লিকপুর গ্রামের জিল্লুর রহমানের পুত্র ও পার্শ্ববর্তী ধামইরহাট উপজেলার বস্তাবর জামে মসজিদের ঈমাম।

নিখোঁজ হওয়া ঈমাম ওয়াদুদের পারিবারিক ও পত্নীতলা থানা সূত্রে জানা গেছে, তিনি রবিবার আনুমানিক রাত ১০টায় মসজিদে তারাবির নামাজ পড়ানোর পর মোটরসাইকেলযোগে নিজ গ্রাম মল্লিকপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পথচারীরা তার বাড়ির অদূরেই একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে ও মোটর সাইকেলটি ঈমাম ওয়াদুদের বলে চিহ্নিত করে। কিন্তু ঈমাম ওয়াদুদের কোন সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন: রংপুরে অপহরনের তিনদিন পর শিশু উদ্ধার

এ বিষয়ে ঈমাম ওয়াদুদের চাচাতো ভাই আব্দুস সাত্তার জানান, ওয়াদুদ নিখোঁজ হওয়ার পর সোমবার সকালে পত্নীতলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে পত্নীতলা থানা অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী জানান, ঈমাম সাবেক নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। কোন কারণে কেউ তাকে অপহরণ করে থাকতে পারে। ঈমামকে উদ্ধারের জোর তৎপরতা চলছে। 

ইত্তেফাক/নূহু