গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালকের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি সিএনজি ধাক্কা খেলে চালক মাসুম মিয়া (৩৫) নিহত হয়। এসময় সিএনজিতে থাকা আরো ২ যাত্রী আহত হয়। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট সড়কের বাগদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম উপজেলার হরিপুর গ্রামের আব্দুল খালেক মিয়ার পুত্র।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ হোসেন জানান, সকাল সাড়ে ৫টার দিকে বাগদা বাজারের অদূরে দিনাজপুরমুখী একটি ট্রাকের পিছনে একই দিকে যাওয়ায় সময় যাত্রীবাহী সিএনজি সজোরে ধাক্কা দিলে  সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজিতে আটকা পড়া চালক মাসুম ঘটনাস্থলেই নিহত ও ২ যাত্রী আহত হয়। 

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।