চলে গেলেন রুমা গুহঠাকুরতা

চলে গেলে কলকাতার গুণী অভিনেত্রী রুমা গুহঠাকুরতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গতকাল ভোরে কলকাতার বালিগঞ্জ প্লেসে নিজের বাড়িতে তাঁর জীবনাবসান হয়। বিকেলে বড় ছেলে অমিত কুমার কলকাতায় আসার পর এই অভিনেত্রী-গায়িকার শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিছুদিন আগেই রুমা গুহঠাকুরতার বড় ছেলে অমিত কুমারের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে কয়েক দিন আগে কলকাতায় ফেরেন।

১৯৩৪ সালে কলকাতায় জন্ম রুমার। বাবা সত্যেন ঘোষ ও মা সতী ঘোষ সংস্কৃতি জগতের মানুষ ছিলেন। ১৯৫২ সালে কিশোর কুমারের সঙ্গে বিয়ে হয় রুমার। ১৯৫৮ সালে বিচ্ছেদ হয়ে যায়। এরপর ১৯৬০ সালে বিয়ে হয় অরূপ গুহ ঠাকুরতার সঙ্গে। গায়িকা শ্রমণা চক্রবর্তী, অয়ন গুহ ঠাকুরতা তাঁর দ্বিতীয় পক্ষের সন্তান। ছিলেন দেবব্রত বিশ্বাসের ছাত্রী। ‘গঙ্গা’, ‘শাখাপ্রশাখা’, ‘আরোগ্য নিকেতন’, ‘আশিতে আসিও না’, ‘অভিযান’, ‘পলাতক’, ‘বাঘিনী’, ‘নির্জন সৈকতে’, ‘বালিকা বধূ’, ‘পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট’, ‘দাদার কীর্তি’, ‘হংসমিথুন’, ‘ত্রয়ী’, ‘৩৬ চৌরঙ্গী লেন’সহ বহু বাংলা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুমা। ‘জোয়ার ভাটা’, ‘মশাল’, ‘আফসর’, ‘রাগ রং’ শিরোনামে হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি।