মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন তার নিন্দা জানিয়েছে। এই যুদ্ধে পুতিনের আচরণকে নিকৃষ্ট ধরনের বলে অভিহিত করেছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জন কিরবি বলেন, ‘নিরপরাধ মানুষদের মাথার পেছনে গুলি করা হয়েছে, পিঠমোড়া দিয়ে তাদের হাত বাঁধা হয়েছে। নারী, গর্ভবতী নারীদেরও হত্যা করা হচ্ছে, হাসপাতাল বোমা ফেলা হচ্ছে। এটা ঠিক অকল্পনীয়।’
রাশিয়ার এ ধরনের আচরণকে একেবারে ঠাণ্ডা মাথায় নিকৃষ্ট ধরণের বর্বরতা হিসেবে আখ্যায়িত করেছেন পেন্টাগনের এই মুখপাত্র। এর আগে সাংবাদিকদের সঙ্গে আরেক দফা আলাপে পারমাণবিক সংঘাতের বিষয়ে রাশিয়ার অবস্থানের সমালোচনা করেন তিনি।
কিরবি বলেন, ‘আমরা রুশ নেতাদের কাছ থেকে যেসব বক্তব্য শুনে থাকি এবং সম্প্রতি দেশটির মন্ত্রী সের্গেই ল্যাভরভ পারমাণবিক সংঘর্ষের যে ভীতি ছড়িয়ে দিয়েছেন, এগুলো দায়িত্বজ্ঞানহীন।’