আজ
চ্যানেল :চ্যানেল আই
সময় :সন্ধ্যা ৬টা ১০ মিনিট
বিশিষ্ট শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে এবার নির্মিত হয়েছে ‘জয় হলো জয়দেবপুরে’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারো ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। ৮ পর্বের এ সিরিজে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। এটি চ্যানেল আইতে প্রচার হবে আজ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এ সিরিজটি প্রচারের মধ্য দিয়ে শুরু হবে চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালার সম্প্রচার। এরপর টানা সপ্তম দিন পর্যন্ত চ্যানেল আই প্রচার করবে ঈদ অনুষ্ঠানমালার নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, গানের অনুষ্ঠান, গেম শো, কৃষকের ঈদ আনন্দসহ বিভিন্ন অনুষ্ঠান।
এবারের গল্পে দেখা যাবে, বাইরে প্রচণ্ড শব্দ করে একটা গাড়ি ব্রেক কষল। যে রাস্তায় গাড়িটি ব্রেক কষল তা ততোটা বড় নয়। এই রাস্তায় সচরাচর এত জোরে কোনো গাড়ি ব্রেক কষে না। নীল রঙের গাড়ি মহল্লার বাড়িটির সামনে দাঁড়িয়ে আছে। এত জোরে শব্দ করে ব্রেক কষায় কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের জটলা তৈরি হয়ে গেল।
গাড়ির সিটে যে লোকটি বসে রয়েছে সেই লোকটির একটা পা নেই। সিটের পাশে একটা স্ক্র্যাচ। খোঁড়া লোকটা কয়েকদিন ধরে এ পাড়ায় গাড়ি চালিয়ে কী করার চেষ্টা করছেন? জয়দেবপুরের একটু কারখানা থেকে র্যালির জন্য বেশকিছু গাড়ি নেওয়া হয়েছে। এই গাড়িগুলোর যেকোনো একটির মধ্যে বোমা লাগানো আছে। ছোটকাকু খবর পেয়ে ছুটে গেলেন সেখানে। ততোক্ষণে গাড়িগুলো র্যালি নিয়ে ছুটে চলেছে মহাসড়কে। ছোটকাকু এসপি সাহেবকে নিয়ে দাঁড়ালেন চৌরাস্তায়। এখানে একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য আছে। ছোটকাকুর তাত্ক্ষণিক একটি বুদ্ধি বের করলেন, মহাসড়কের এই গাড়িগুলো থামানো দরকার। চৌরাস্তা মোড়ে হঠাত্ করেই জোরে ব্রেক কষল একটি বাস। বাস ড্রাইভার এসপি সাহেবের সঙ্গে কুশল বিনিময় করতেই ছোটকাকু খুব বাজে ব্যবহার করলেন বাস ড্রাইভারের সঙ্গে। বাস ড্রাইভারটি শ্রমিক ইউনিয়নের নেতা। সঙ্গে সঙ্গেই বাস ধর্মঘট শুরু হয়ে গেল।
ছোটকাকু বোমা বিশেষজ্ঞ দলটি যারা হেলিকপ্টারযোগে যাচ্ছিল তাঁদের ইনফর্ম করা হলো।