বরিশালের হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

বরিশালে ভুল চিকিৎসায় একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ করায় রোগীর স্বজনদের আটকে মারধর, পরে হাসপাতালের স্টাফদের গণধোলাই দেওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৮) সন্ধ্যায় নগরীর সৈয়দ হাতেম আলি কলেজ চৌমাথা সংলগ্ন সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত রুবি আক্তার নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকার রফিক সিকদারের স্ত্রী।

রুবির দেবর সুমন সিকদার বলেন, ‘আমার ভাবি রুবি আক্তার গর্ভবতী ছিলেন। বৃহস্পতিবার সকালে ব্যথা ওঠায় ঐ হাসপাতালে ভর্তি করা হয় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ডা. মুন্সি মুবিনুল হক সিজার করার জন্য অপারেশন থিয়েটারে প্রবেশ করেন। তার কিছুক্ষণ পরেই বের হয়ে ডা. মুন্সী মুবিনুল হক জানান, আপনার ভাবি মারা গেছে, তবে বাচ্চা সুস্থ আছে। কিন্তু অপারেশন থিয়েটারে প্রবেশের পূর্বে ভাবি পুরোপুরিই সুস্থ ছিলেন। তবে তিনি কীভাবে মারা গেছেন সেটা জানতে চাইলে আমাদের সঙ্গে হাসপাতালের স্টাফরা খারাপ ব্যবহারের পাশাপাশি যে পরীক্ষাগুলো দেওয়া হয়েছিল তার রিপোর্টে তারিখ দেওয়া রয়েছে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি। এর প্রতিবাদ করলে আমাদের আটকে মারধর করা হয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে আমাদের উদ্ধার এবং হাসপাতালের স্টাফদের গণধোলাই দেয়।’ 

এ বিষয়ে ডা. মুন্সী মুবিনুল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, রোগীর মৃত্যু নিয়ে স্বজন ও হাসপাতালের স্টাফদের সঙ্গে ঝামেলার খবর শুনে সেখানে যাই। কিন্তু হাসপাতালের কাউকে পাইনি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। রোগীর স্বজনদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।