ঢাকায় মাদক বিরোধী অভিযান, গ্রেফতার ৩১

ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেফতারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেফতারদের বিরুদ্ধে ১৯টি মামলা করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে ২০ হাজার ২৫০ পিস ইয়াবা, ১৫ কেজি ৬০ গ্রাম গাঁজা, ৮৩ গ্রাম হেরোইন, ১০ বোতল দেশিমদ ও ৮৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।