ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

সন্তানদের জন্য ঈদের জামা কিনতে গিয়ে ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী জয়নাল আবেদীন (৪৭) ও সোনাগাজীতে ইফতার পার্টি থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এসএসসি পরীক্ষার্থী জাহেদ হোসেন ফয়সাল (১৬) নিহত হয়েছেন। 

শুক্রবার (৩০ এপ্রিল) রাতে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত জয়নাল ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ভবগানপুর গ্রামের আবদুল জলিলের ছেলে ও ৬ মাসের ছুটিতে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন।

অপরজন ফয়সাল সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের দানু মাঝি বাড়ির একরামুল হকের ছেলে ও সোনাগাজীর আল-হেলাল একাডেমি থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. আবদুস সামাদ জানায়, শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলওয়ে ওভারপাস হয়ে ফেনী শহরে আসছিলেন দুই মোটরসাইকেল আরোহী। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলওয়ে ওভারপাসের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। মোটরসাইকেল আরোহী জয়নাল আবেদীন ও কাজী মাহবুব হাসান (৩৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীনকে মৃত ঘোষণা করেন। আহত কাজী মাহবুব হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে শুনেছেন বলে জানান।